ভারতের পাঞ্জাব রাজ্যে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফের এক ইউটিউবারকে আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি রূপনগরের মহলান গ্রামের বাসিন্দা, যিনি 'জান মহল' নামের ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন।

তদন্ত সূত্রে জানা গেছে, এই ইউটিউবার পাকিস্তানমুখী গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এর আগেও একই অভিযোগে গ্রেপ্তার হওয়া জ্যোতি মালহোত্রার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, এদের সকলেই একটি বৃহত্তর চক্রের অংশ।

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক জানান, অভিযুক্ত ব্যক্তি অতীতে পাকিস্তান হাইকমিশনের বিতাড়িত কর্মকর্তা এহসান উর রহিম ওরফে দানিশ এবং শাকির ওরফে জুট রন্ধাওয়ারের সঙ্গে সংস্পর্শে ছিলেন। এমনকি দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানেও তথ্য আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে।

জব্দ করা হয়েছে তার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, যেগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে। এই ডিভাইসগুলো থেকে একাধিক পাকিস্তানি নম্বর এবং সন্দেহজনক যোগাযোগের রেকর্ড পাওয়া গেছে। পুলিশের দাবি, এর আগেই গ্রেপ্তার হওয়া জ্যোতি মালহোত্রার গ্রেপ্তারের খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি সব প্রমাণ মুছে ফেলতে উদ্যোগী হন। যদিও তদন্তকারীরা সেই ডেটা পুনরুদ্ধারে কাজ করছে।

৩৩ বছর বয়সী জ্যোতি মালহোত্রা, যিনি ‘ট্রাভেল উইথ জিও’ ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচিত, তিনিও সম্প্রতি পাকিস্তান সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে কাশ্মীর সফর ও পেহেলগাম হামলার সময়সীমার মধ্যে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।

এই গ্রেপ্তারগুলো পাকিস্তান-ভারত সীমান্তে ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় গুপ্তচরবৃত্তি নেটওয়ার্ক সম্পর্কে নতুন আলো ফেলছে, যা এখন নিরাপত্তা সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।