গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার। দেশটি জানিয়েছে, হরমুজে ‘অশত্রুভাবাপন্ন’ বাণিজ্যিক জাহাজের চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) সদস্যরাষ্ট্রগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ অবস্থান জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, আগ্রাসী শক্তি যেন হরমুজ প্রণালিকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে না পারে, সে জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রণালিতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তবে ‘অশত্রুভাবাপন্ন’ হিসেবে বিবেচিত বাণিজ্যিক জাহাজগুলো ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে স্বাভাবিকভাবেই হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে তেহরান।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং চলমান যুদ্ধে যেসব দেশ ওয়াশিংটন ও তেল আবিবকে সমর্থন করছে—তাদের ‘শত্রুভাবাপাপন্ন’ হিসেবে বিবেচনা করছে ইরান। ফলে এসব দেশের বাণিজ্যিক জাহাজ ‘অশত্রুভাবাপন্ন’ ক্যাটাগরির আওতায় পড়বে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ চিঠির অনুলিপি ইতোমধ্যে আইএমও’র সব সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছেছে।