যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্তের পর দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বনডিকে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, ট্রাম্প মনে করছিলেন, যেসব সমালোচক ও বিরোধীদের বিরুদ্ধে তিনি ফৌজদারি মামলা চান, তাদের বিচারের আওতায় আনতে বন্ডি যথেষ্ট দ্রুত পদক্ষেপ নিচ্ছিলেন না।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, যিনি আগে তার ব্যক্তিগত আইনজীবী ছিলেন, তিনি অস্থায়ীভাবে বিচার বিভাগ পরিচালনা করবেন।
ওই পোস্টে ট্রাম্প বন্ডিকে ‘মহান দেশপ্রেমিক ও বিশ্বস্ত বন্ধু’ হিসেবে উল্লেখ করেন ও বলেন, তার নেতৃত্বে অপরাধ দমনে বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, বন্ডি শিগগিরই বেসরকারি খাতে নতুন দায়িত্বে যাবেন, তবে বিস্তারিত কিছু বলেননি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ডি লিখেছেন, যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ ও সুরক্ষিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক ও সফল প্রচেষ্টার নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।
তিনি জানান, আগামী এক মাস তিনি দায়িত্ব হস্তান্তরের কাজ করবেন। অন্যদিকে, ব্ল্যাঞ্চ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বন্ডির প্রশংসা করেন ও যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।
যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বন্ডি ট্রাম্পের নীতির কড়া সমর্থক ছিলেন ও তদন্তের ক্ষেত্রে হোয়াইট হাউজ থেকে বিচার বিভাগের স্বাধীনতার দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে দেন।