ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে ইরান।

আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “এই শিশু হত্যাকারী অপরাধী (নেতানিয়াহু) যদি এখনো জীবিত থাকে, তবে তাকে খুঁজে বের করে হত্যা করার অভিযান আমরা পূর্ণ শক্তি দিয়ে চালিয়ে যাব।”

এদিকে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজের খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর অনুষ্ঠিত প্রথম উচ্চপর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আগাম কোনো ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতি নিয়ে ইসরায়েলজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রোববার (১৫ মার্চ) ইসরায়েলের বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট ও মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত এসব গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রী নেতানিয়াহুই পরিচালনা করে থাকেন।

তবে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ জানিয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেই বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি অনেককে বিস্মিত করেছে।

তার পরিবর্তে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীরা এই বৈঠকে নেতৃত্ব দেন। সংবাদমাদ্যম গ্লোব অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, আজকের উচ্চ স্তরের নিরাপত্তা বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘নিখোঁজ’! ইসরায়েল কাৎজ গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকের সভাপতিত্ব করেছেন। সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত এই অনুপস্থিতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এর মধ্যে আইআরজিসির পক্ষ থেকে তাকে হত্যা করার হুঁশিয়ারি এলো।