আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে আফগানিস্তানের হামলার প্রেক্ষাপটে তিনি এই ঘোষণা দেন। খবর জানিয়েছে বিবিসি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে খাজা আসিফ লেখেন, পাকিস্তান সরাসরি এবং মিত্র দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে ধৈর্যের সীমা অতিক্রম করায় এখন আফগানিস্তান-এর সঙ্গে প্রকাশ্য যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সকালে এক এক্স পোস্টে লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত।’

উল্লেখ্য, পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হামলা চালায় আফগানিস্তান। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এ হামলার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ) হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুই শতাধিক।