ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলীরেজা বায়েত ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (১৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় আলীরেজা বায়েত ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির সঙ্গে ছিলেন।
এর আগে নিরাপত্তা পরিষদ জানায়, মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় আলী লারিজানি, তার ছেলে ও একজন সহকারীও নিহত হয়েছেন।
ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি আলীরেজা বায়েতকে ‘দক্ষ কিন্তু প্রচারবিমুখ ব্যবস্থাপক’ হিসেবে উল্লেখ করেছে। তাসনিমের তথ্য অনুযায়ী, নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে তিনি ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া আলীরেজা বায়েত দেশের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।