আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে সংঘর্ষের মাত্রা বাড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সহিংসতার পরিস্থিতি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আল-জাজিরা এ তথ্য প্রকাশ করে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গুতেরেস আফগানিস্তান ও পাকিস্তান—উভয় পক্ষকে আন্তর্জাতিক আইনের আওতায় তাদের দায়িত্ব কঠোরভাবে পালনের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর তিনি গুরুত্ব দেন। একই সঙ্গে চলমান সংঘর্ষে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদও দেন জাতিসংঘ মহাসচিব।

এদিকে শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের তালেবান জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শুক্রবার সকালে সামাজিকমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর জবাব ছিল সর্বাত্মক ও দৃঢ়।’

‘যারা আমাদের শান্তিকে দুর্বলতা মনে করে ভুল করবে, তারা শক্ত জবাব পাবে এবং কেউই আমাদের নাগালের বাইরে থাকবে না’ বলা হয় সে পোস্টে।

সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সবশেষ হামলার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘আফগানরা পূর্ণ ঐক্যের মাধ্যমে নিজেদের ভূখণ্ড রক্ষা করবে এবং সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেবে।’