মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব পক্ষকে শত্রুতা অবসানের অনুরোধ জানান। খবর বিবিসি’র।

জাতিসংঘের মহাসচিব বলেন, বিশ্ব বর্তমানে একটি বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে এবং বিশ্বজুড়ে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

বিশেষভাবে জ্বালানি ও খাদ্যপণ্যের ক্রমবর্ধমান মূল্যের কথা উল্লেখ করে গুতেরেস বলেন, সাধারণ মানুষ ইতোমধ্যেই চরম দুর্ভোগ পোহাচ্ছে। 

বর্তমান পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কার কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, যখন হরমুজ প্রণালি রুদ্ধ হয়ে যায়, তখন বিশ্বের সবচেয়ে দরিদ্র ও অসহায় মানুষগুলো আক্ষরিক অর্থেই আর শ্বাস নিতে পারে না।

বিরোধ নিষ্পত্তির জন্য ‘শান্তিপূর্ণ’ পথের ওপর গুরুত্বারোপ করে গুতেরেস বলেন, পারমাণবিক স্থাপনাসহ সব বেসামরিক অবকাঠামোকে অবশ্যই সম্মান ও সুরক্ষা দিতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি বার্তা দিয়ে গুতেরেস বলেন, এ যুদ্ধ বন্ধ করার সময় এসেছে, কারণ এটি অপরিসীম মানবিক দুর্ভোগ সৃষ্টি করছে। ইতোমধ্যেই বিশ্বজুড়ে বিধ্বংসী অর্থনৈতিক পরিণতি ডেকে আনছে। একই সঙ্গে গুতেরেস ইরানের প্রতিও তাদের প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ করার জোরালো আহ্বান জানান।