ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এই সংঘাত থামার কোনো নাম নেই। বরং হামলার মাত্রা বাড়িয়েছে উভয় পক্ষই। 

এরই মধ্যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল হামলায় ইরাক ও ইরানের কুর্দিদের ব্যবহার করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল বলে খবর প্রকাশিত হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নাকচ করে দিয়েছেন। জানিয়েছেন, তিনি চান না কুর্দিরা এ যুদ্ধে জড়িত হোক।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালাতে কুর্দি বাহিনীকে ব্যবহার করার একটি গোপন পরিকল্পনা করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

তবে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি কুর্দিদের ইরান যুদ্ধে জড়াতে দিতে চান না। তার মতে, এতে যুদ্ধ আরও জটিল হয়ে উঠতে পারে।

ট্রাম্প বলেন, ‘কুর্দিরা জড়িত হোক আমরা চাই না। কুর্দিদের প্রতি আমরা খুবই বন্ধুত্বপূর্ণ। আপনারা জানেন, যুদ্ধ এখন যতটা জটিল অবস্থায় আছে, এর চেয়ে আর জটিল করতে চাই না।’

কুর্দিদের ইরানে পাঠানোর পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ, আমি চাই না কুর্দিরা ইরানে যাক। আমি চাই না কুর্দিরা আহত হোক বা নিহত হোক। তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। তারা যুদ্ধে যেতে চায়, কিন্তু আমি তাদের বলেছি—না, আপনাদের যুদ্ধে চাই না।’

কুর্দিরা জড়িত না হয়েও এই সংঘাত ইতোমধ্যে অনেক জটিল হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।