মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্যা ইকোনোমিস্ট ও ইউগভ-এর জরিপ ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় মার্কিন প্রেসিডেন্টে পরিণত হয়েছেন।

সার্বিক জনসমর্থনের দিক থেকে তাঁর অবস্থান এখন -২৪’এ। ২০০৯ সালে ইকোনমিস্ট ও ইউগভ যৌথভাবে জরিপ শুরু করার পর থেকে অন্য সব মার্কিন প্রেসিডেন্টের তুলনায় এটি সবচেয়ে খারাপ অবস্থান বলে উল্লেখ করা হয়েছে।

বিশেষ করে ইরান যুদ্ধ ও অর্থনীতি পরিচালনায় দুর্বলতার কারণে তার জনপ্রিয়তা কমছে। অধিকাংশ আমেরিকান মনে করছেন দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ এবং আরও অবনতি হচ্ছে। আমেরিকানদের তিন-চতুর্থাংশ মনে করেন দেশের অর্থনৈতিক অবস্থা মোটামুটি বা খারাপ, এবং ৬৩% মনে করেন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

জরিপ অনুযায়ী, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ট্রাম্পের পারফরম্যান্স সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ট্রাম্পের সার্বিক জনসমর্থনের দিক থেকে তাঁর অবস্থান এখন -৪৩-এ, যা তার বর্তমান মেয়াদের সবচেয়ে খারাপ অবস্থান। ইরান যুদ্ধের পর জ্বালানির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান যুদ্ধ শুরুর আগে প্রতি গ্যালন জ্বালানির দাম ছিল ৩ ডলারের নিচে, এখন তা বেড়ে ৪.৪৮ ডলারে পৌঁছেছে। এর প্রভাব রিপাবলিকান পার্টির ওপর পড়তে পারে এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে দলীয় প্রাইমারি বা বাছাই নির্বাচনে ট্রাম্প এখনো প্রভাবশালী। তার সমর্থিত প্রার্থীরা জয় পাচ্ছে এবং যারা তার বিরোধিতা করেছে, তাদের অনেকেই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউগভের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেওয়া অনেক অঙ্গরাজ্যেও এখন তার প্রতি অসন্তোষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তরুণ ভোটার, সংখ্যালঘু জনগোষ্ঠী এবং উচ্চশিক্ষিতদের মধ্যে তার জনপ্রিয়তা সবচেয়ে কম।

বর্তমানে আমেরিকানদের সবচেয়ে বড় উদ্বেগ হলো মুদ্রাস্ফীতি, চাকরি ও অর্থনীতি। রিপাবলিকানদের কাছে অভিবাসন গুরুত্বপূর্ণ ইস্যু হলেও ডেমোক্র্যাটরা বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যসেবা ও জলবায়ু পরিবর্তনকে।

সূত্র: দ্যা ইকোনোমস্টি, ইউগভ