আলোকা নেটওয়ার্ক : পবিত্র রমজান মাসকে যথাযথভাবে বরণ করে নিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে অবস্থিত কিং ফাহদ ইসলামিক কালচারাল সেন্টার এক ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। আধ্যাত্মিক ও জ্ঞানভিত্তিক প্রস্তুতির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আয়োজন করেছে ‘বিশেষ রমজানের প্রস্তুতি’ শীর্ষক একটি কোর্স। এই প্রস্তুতিমূলক কোর্সটি ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিটে কিং ফাহদ ইসলামিক কালচারাল সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কোর্সে অংশগ্রহণের জন্য পূর্ব নিবন্ধনের কোনো প্রয়োজন নেই।আগ্রহী সবাই এতে সরাসরি অংশ নিতে পারছেন।
আয়োজকরা জানান, মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো এবং রমজান মাসের যথাযথ প্রস্তুতির গুরুত্ব তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তাঁদের মতে, রমজানের সঠিক প্রস্তুতি ব্যক্তি ও সামগ্রিক মুসলিম সমাজের জন্য দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই কল্যাণ বয়ে আনে। কোর্সের কর্মসূচিতে পবিত্র রমজান মাসের ফজিলত, এই মাসের মূল্যবান সময় নষ্ট না করার গুরুত্ব এবং রমজানকে কিভাবে অর্থবহ ও ফলপ্রসূ করা যায় এসব বিষয়ে বৈজ্ঞানিক, সামাজিক ও ইন্টার্যাক্টিভ আলোচনা ও কার্যক্রম অন্তর্ভুক্ত আছে।