রয়টার্স , টিআরটি ওয়ার্ল্ড : ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় শান্তিপূর্ণ সমাধান আনতে কখনও কখনও ভয় দেখানোই একমাত্র কার্যকর উপায় হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করা কঠিন হয়ে পড়েছে। কখনও কখনও ভয় দেখানোই পরিস্থিতি সামাল দেওয়ার একমাত্র উপায় হয়ে দাড়ায়। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তন হতে পারে সবচেয়ে ভালো ঘটনা, যদিও ট্রাম্প বলেননি এটি কীভাবে ঘটবে। ট্রাম্প আরও যোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে, যাতে আলোচনায় ব্যর্থতা ঘটলেও প্রস্তুত থাকা যায়।
ট্রাম্প বক্তবে আরও বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা চ্যালেঞ্জিং হলেও এখনও অসম্পূর্ণ রয়েছে। গত সপ্তাহে ওমানের মাধ্যমে আলোচনার একটি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে, যা কিছুটা সাধারণ ভিত্তি তৈরি করেছে। হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি বলেছেন, “ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব বিকল্প খোলা রয়েছে। পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এদিকে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে বৈঠক করেছেন। নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে কোনও চুক্তি হলে তা অবশ্যই ইসরায়েলের নিরাপত্তার স্বার্থ নিশ্চিত করতে হবে। অন্যদিকে সম্প্রতি ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে তারা স্পষ্টভাবে জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আলোচনার মধ্যে যুক্ত করা হবে না।