দ্য গার্ডিয়ান : কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত মামলায় দীর্ঘদিনের গোপন রাখা ছয়টি নাম জনসমক্ষে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্না। মার্কিন কংগ্রেসের ফ্লোরে দেওয়া এক বক্তব্যে তিনি এই নামগুলো প্রকাশ করেন। ইতিপূর্বে বিচার বিভাগ এই নামগুলো কালো কালিতে ঢেকে রেখেছিল। রো খান্না এবং রিপাবলিকান কংগ্রেস সদস্য টমাস ম্যাসি বিচার বিভাগে গিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে অপ্রকাশিত বা ‘আনরেডাকটেড’ নথিগুলো পর্যালোচনা করেন। এরপরই তিনি কংগ্রেসের অধিবেশনে দাঁড়িয়ে এই বিস্ফোরক তথ্য দেন। খান্না জানান যে, তিনি নামগুলো চিহ্নিত করার পর বিচার বিভাগের কর্মকর্তারা তাদের ভুলের কথা স্বীকার করেন এবং নামগুলো উন্মুক্ত করে দেন। প্রকাশিত তালিকায় সবচেয়ে আলোচিত নাম হলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্র্যান্ড ‘ভিক্টোরিয়াস সিক্রেট’-এর প্রতিষ্ঠাতা ৮৮ বছর বয়সী ধনকুবের লেসলি ‘লেস’ ওয়েক্সনার। এফবিআই-এর একটি নথিতে তাকে এপস্টেইনের ‘সহ-ষড়যন্ত্রকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। তালিকায় থাকা দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি হলেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বহুজাতিক লজিস্টিকস কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইয়েম। প্রকাশিত একটি ই-মেইল থেকে তার সঙ্গে এপস্টেইনের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তালিকায় থাকা অন্য চারজন হলেন ইতালীয় সাবেক সংসদ সদস্য নিকোলা কাপুতো, এবং আরও তিনজন ব্যক্তিÍ সালভাতোরে নুয়ারা, জুরাব মিকেলাদজে ও লিওনিক লিওনভ।