সিএনএন,এপি : ইরানের বেসামরিক অবকাঠামোতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘যুদ্ধাপরাধ’ করছে বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে তেহরান এই দাবি করে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধের প্রথম দিনেই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১৬০ জনেরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া তেহরানের একটি হাসপাতালেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দেশটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, হামলাকারীরা সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জাম ও নিখুঁত লক্ষ্যভেদী ব্যবস্থার দাবি করলেও এসব হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, ‘বেসামরিক জীবনকে অচল করে দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক সুপরিকল্পিতভাবে বেসামরিক অবকাঠামো, চিকিৎসা কেন্দ্র, স্কুল এবং সংবাদমাধ্যম প্রতিষ্ঠানে হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এটি স্পষ্টতই যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।’ এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস সোমবার জানিয়েছেন, তারা তেহরানের গান্ধী হাসপাতালে ঘটে যাওয়া ঘটনাটি যাচাই করছেন। অন্যদিকে, স্কুলে হামলার বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স বলেছেন, ‘চলমান সামরিক অভিযানে বেসামরিক নাগরিক হতাহতের খবর সম্পর্কে আমরা অবগত। আমরা এই প্রতিবেদনগুলোকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং খতিয়ে দেখছি।’