রয়টার্স

মিনেসোটার কংগ্রেস সদস্য ইলহান ওমর মিনিয়াপোলিসে একটি টাউন হল বৈঠক পরিচালনার সময় তার ওপর হামলা চালিয়েছে। গত মঙ্গলবার বৈঠক চলাকালে ওই ব্যক্তি ওমরের দিকে একটি অজ্ঞাত তরল স্প্রে করে। এরপরই নিরাপত্তাকর্মীরা তাকে ধরে মাটিতে ফেলে দেন। জানিয়েছে, এই হামলায় ইলহান ওমর আহত হননি। কর্তৃপক্ষ জানায়নি, কী ধরনের পদার্থ স্প্রে করা হয়েছিল কিংবা হামলাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কি না। হামলাকারীকে মাটিতে চেপে ধরে হাত পেছনে বেঁধে ফেলার সময় দর্শকরা করতালি দেন। ঘটনাটির একটি ভিডিওতে ভিড়ের মধ্য থেকে কাউকে বলতে শোনা যায়, ‘হে ঈশ্বর, সে ওর গায়ে কিছু স্প্রে করেছে’। হামলাকারীকে কক্ষ থেকে বের করে দেয়ার পর ইলহান ওমর টাউন হল বৈঠকটি চালিয়ে যান। হামলার ঠিক আগে তিনি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থাটি বিলুপ্ত করার দাবি জানান এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের পদত্যাগ দাবি করেন। ওমর বলেন, আইসিই’কে সংস্কার করা সম্ভব নয়। মিনিয়াপোলিস পুলিশ তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এবং কেউ গ্রেপ্তার হয়েছে কি না, সে সম্পর্কেও কিছু জানায়নি।