বিবিসি, ইপিএ : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় অগ্রগতি না হলেও ইউক্রেন ও রাশিয়া আবারও বন্দি বিনিময় করেছে। উভয় দেশই ১৫৭ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ছাড়াও সাধারণ নাগরিকরাও রয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর বন্দি বিনিময় সম্ভব হয়েছে। তিনি বলেছেন, এতে ১৫৭ জন ইউক্রেনীয় দেশে ফিরেছেন। যাদের মধ্যে সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এবং বেসামরিক নাগরিকরাও আছেন। তাদের বেশিরভাগই ২০২২ সাল থেকে বন্দিদশায় ছিলেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, ১৩৯ জন বন্দি ২০২২ সাল থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে ছিলেন। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন ১৫৭ জন রুশ সেনা ফেরত দিয়েছে। পাশাপাশি পশ্চিম কুরস্ক অঞ্চলের তিনজন রুশ বেসামরিক নাগরিকও হস্তান্তর করা হয়েছে। যারা ২০২৪-২৫ সালের ইউক্রেনের অভিযানের সময় আটক ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মস্কো ও কিয়েভের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আলোচনার মূল ইস্যু ছিল ইউক্রেন কতটা ভূখণ্ড ছাড় দেবে এবং ভবিষ্যৎ রুশ হামলা ঠেকাতে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে।