জেরুসালেম পোস্ট : ইসরাইলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট বলছে, ২০১৭ সালে ইসরাইল সফরের আয়োজন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইনের পরামর্শ নিয়েছিলেন বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। শনিবার প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’-এর অংশ হিসেবে সামনে আসা একটি ই-মেইলের বরাতে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত নথি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সদ্য প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’-এ বলা হচ্ছে, ২০১৭ সালে ইসরাইল সফরের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি এপস্টেইনের পরামর্শ নিয়েছিলেন। এমনকি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে মোদি ইসরাইলে গিয়ে নেচেছেন ও গেয়েছেন বলেও বলা হচ্ছে। যদিও এ দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। ই-মেইলটিতে যৌন অপরাধে দণ্ডিত ও বিতর্কিত অর্থলগ্নিকারী এপস্টেইন দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে মোদি তার পরামর্শ মেনে ইসরাইল সফর করেছিলেন। এপস্টেইনের ওই ই-মেইলে লেখা হয়, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদি পরামর্শ নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে তিনি ইসরাইলে গিয়ে নেচেছেন-গেয়েছেন। কয়েক সপ্তাহ আগেই তাদের দেখা হয়েছিল। এতে কাজ হয়েছে।’