গালফ নিউজ : রোজা শুরুর তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জানিয়েছে, এবার রমজান মাসের নতুন চাঁদের জন্ম হবে ১৭ ফেব্রুয়ারি সেদিন পাকিস্তান সময় বিকেল ৫টা ১ মিনিটে চাঁদ ও সূর্যের সংযোগ ঘটবে।

ধর্ম মন্ত্রণালয়ের গবেষণা ও রেফারেন্স উইংয়ের কাছে পাঠানো এক পরামর্শ বিজ্ঞপ্তিতে পিএমডি জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক মানদণ্ড অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি, গত বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার যুক্তিসংগত সম্ভাবনা রয়েছে। ওই দিনটি হবে শাবান মাসের ২৯ তারিখ। পিএমডিরডাটা প্রসেসিং সেন্টার (সিডিপিসি) জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকিস্তানের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। ফলে চাঁদ দেখার ক্ষেত্রে আবহাওয়া অনুকূলে থাকার সম্ভাবনাই বেশি।

পিএমডি প্রদেশভিত্তিকভাবে চাঁদ দৃশ্যমান থাকার সম্ভাব্য সময়ও জানিয়েছে। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিন্ধু প্রদেশে সন্ধ্যা ৭টা ২৪ মিনিট পর্যন্ত চাঁদ দেখা যেতে পারে। পাঞ্জাবে চাঁদ থাকার সম্ভাব্য সময় সন্ধ্যা ৭টা ৮ মিনিট পর্যন্ত, বেলুচিস্তানে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট, খাইবার পাখতুনখোয়ায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিট, কাশ্মীরে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট এবং গিলগিট-বালতিস্তানে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট পর্যন্ত। প্রচলিত রীতি অনুযায়ী, শাবান মাসের ২৯ তারিখে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কমিটিগুলোর বৈঠকও হবে। কেন্দ্রীয় বৈঠকে বিভিন্ন মাযহাবের আলেমরা অংশ নেবেন। চাঁদ দেখার তথ্য পর্যালোচনা শেষে সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেওয়া হবে। যদি ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়, তবে পাকিস্তানে প্রথম রোজা পালিত হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে।

রমজান শুরুর তারিখ ঘোষণা করল ওমান: পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে ওমান। দেশটিতে আগামী ১৯ ফেব্রুয়ারি হবে রমজানের প্রথমদিন।

আগামী ১৭ ফেব্রুয়ারি ওমানে শাবান মাসের ২৯তম দিন হবে। কিন্তু সেদিন আকাশে দেখা যাবে না রমজানের অর্ধচন্দ্র। ওমানের চাঁদ দেখার প্রধান কমিটি বলেছে, ১৮ ফেব্রুয়ারি শাবান মাস ৩০দিন পূর্ণ করবে। জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশে দেখা গেছে আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ওমানের সব অঞ্চলেই চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে। ফলে ওইদিন চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয়। চাঁদ দেখা কমিটি জানিয়েছে, ধর্মীয় ও বৈজ্ঞানিক মাণদণ্ড ব্যবহার করে নতুন চন্দ্র মাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।