রয়টার্স : রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেকসিভকে গুলি করেছে অজ্ঞাতপরিচয় এক হামলাকারী। গতকাল শুক্রবার মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীর্ষ রুশ সামরিক কর্মকর্তাদের ওপর ধারাবাহিক হামলার সবশেষ ঘটনা এটি।

মস্কো প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে তদন্তকারীরা জানিয়েছেন, সোভিয়েত ইউক্রেনে জন্ম নেওয়া জেনারেল আলেকসিভকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়েছে। হামলার পর হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মস্কো এসব হামলার জন্য কিয়েভকে দায়ী করে আসছে। কোনও কোনও ক্ষেত্রে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দায় স্বীকার করেছে। তবে আলেকসিভকে লক্ষ্য করে চালানো এই হামলার বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত মস্কো ও এর আশপাশে আলেকসিভের সমমর্যাদার আরও তিন লেফটেন্যান্ট জেনারেল নিহত হয়েছেন। গত ২২ ডিসেম্বর জেনারেল স্টাফের সেনা প্রশিক্ষণ পরিদফতরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ তার গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন। শীর্ষ কর্মকর্তাদের ওপর একের পর এক এমন হামলায় রাশিয়ার প্রভাবশালী যুদ্ধ বিশ্লেষক ও ব্লগাররা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, কর্মকর্তাদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাব এই পরিস্থিতি তৈরি করছে। অন্তত দুটি ঘটনায় দেখা গেছে, টার্গেট করা কর্মকর্তাদের তাদের নিজ বাড়ির ঠিক বাইরেই হত্যা করা হয়েছে।