এএফপি : জাতীয় নির্বাচনে সামরিকপন্থী দলগুলোর বড় জয়ের পর মিয়ানমারের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং। এর মাধ্যমে তিনি মূলত বেসামরিক পোশাকে তাঁর শাসনকালকে দীর্ঘায়িত করতে চলেছেন। গতকাল সোমবার ৬৯ বছর বয়সী এই জেনারেলকে পার্লামেন্টের নিম্নকক্ষে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। মোট তিনজন প্রার্থী বাছাই করা হবে এবং তাঁদের মধ্যে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। বিশ্লেষকদের মতে, অং হ্লাইংয়ের পরাজয় এখন অকল্পনীয়। মিয়ানমারের এই সেনাপ্রধান তাঁর বাধ্যতামূলক অবসরের মাত্র কয়েক মাস আগে কৌশলে পরিবর্তন এনে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছিলেন। এরপর নিজের নেতৃত্বে একটি সামরিক জান্তা গঠন করেন।
পাঁচ বছর আগে অভ্যুত্থান ঘটানোর আগে মিন অং হ্লাইং এক দশক ধরে বেসামরিক নেতাদের সঙ্গে ক্ষমতার লড়াই চালিয়েছেন। অভ্যুত্থানের মাধ্যমেই তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চিকে কারাবন্দি করেন। এরপর শুরু হওয়া গৃহযুদ্ধ এখনো চলছে।