এএফপি, আল-জাজিরা : অস্ট্রেলিয়ায় ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সফর ঘিরে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। গত বছর দেশটির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে হামলার ঘটনায় এই সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে দেশটিতে চারদিনের সফর করছেন তিনি। কিন্তু গাজায় ইসরাইলের গণহত্যাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ তার এই সফর ঘিরে প্রতিবাদ জানিয়েছে।
অস্ট্রেলিয়ার অনেকেই তার এই সফরে ক্ষুব্ধ। কারণ হার্জোগ গাজায় বহু বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় জড়িত। দীর্ঘদিন ধরেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল।
ফিলিস্তিনপন্থি গোষ্ঠীগুলো গতকাল সোমবার সন্ধ্যায় দেশজুড়ে বিক্ষোভের আয়োজন করে। সিডনিতে হাজার হাজার মানুষ শহরের কেন্দ্রীয় একটি চত্বরে জড়ো হয়ে বক্তৃতা শুনছিল এবং ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছিল।
সিডনির ৩০ বছর বয়সী বিক্ষোভকারী জ্যাকসন এলিয়ট বলেন, বন্ডি গণহত্যা ভয়াবহ ছিল, কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান নেতৃত্বের কাছ থেকে ফিলিস্তিনি জনগণ এবং গাজার জনগণের প্রতি কোনো স্বীকৃতি পাওয়া যায়নি। হার্জোগ দখলদারিত্ব সম্পর্কে সব প্রশ্ন এড়িয়ে গেছেন এবং বলেছেন যে এই সফর অস্ট্রেলিয়া এবং ইসরাইলের মধ্যকার সম্পর্ক নিয়ে।
তার এই সফর ঘিরে শহরজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া একাধিক হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে এবং কর্মকর্তারা ঘোড়ায় চড়ে টহল দিচ্ছিলেন। তার এই সফরের সময় সিডনিজুড়ে প্রায় তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন করার কথা রয়েছে।