রয়টার্স, আল-জাজিরা : লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে পাশাপাশি থাকা দুইটি ভবন ধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আরো ৭ জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও লোক আটকে থাকতে পারে। স্থানীয় সময় রোববার শহরের বাব আল-তাব্বানেহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ত্রিপোলি পৌরসভার প্রধান আবদেল হামিদ কারিমে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের সংখ্যা এখনো নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছেনা। উদ্ধারকার্যক্রম শেষ হলে নিশ্চিত করে বলা যাবে।
এর আগে লেবাননের সিভিল ডিফেন্স উদ্ধার বিভাগের প্রধান জানিয়েছিলেন, ধসে পড়া ভবন দুটিতে মোট ২২ জন বাসিন্দা ছিলেন। লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, উদ্ধারকারীরা এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করেছে, কিন্তু অভিযান এখনও চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।