এপি : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে ভারতকে ৩০ দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগের এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে। ট্রেজারি বিভাগ জানিয়েছে, রাশিয়ার যে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যগুলো ইতোমধ্যে জাহাজে বোঝাই করা হয়েছে, সেগুলো আগামী ৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ভারতের বন্দরে খালাস করা যাবে। মূলত তেলের দামের ওপর চাপের প্রভাব কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার বিকেলে মার্কিন ফিউচার মার্কেটে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৮০ ডলার ছাড়িয়ে গেছে। একই দিন ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তেলের দামের চাপ কমাতে ট্রেজারি বিভাগ বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাবে। তবে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেলের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা সাময়িকভাবে তুলে নেওয়ার বিষয়ে তিনি সরাসরি কিছু উল্লেখ করেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।