প্রেস টিভি : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ১৭তম ধাপ সম্পন্ন করেছে। এ অভিযানে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও দখলদার জায়নিস্ট শাসনের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। আইআরজিসির দাবি, অভিযানে সাতটির বেশি অত্যাধুনিক রাডার ধ্বংস করা হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকাশ প্রতিরক্ষা নজরদারির গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাদের মতে, যুক্তরাষ্ট্রের স্থাপিত ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবন এবং বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রায় ১০০ ঘণ্টা ধরে দখলকৃত অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে এবং সেখানে বসবাসকারী ইসরাইলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকতে হচ্ছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এটি ‘সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিক ও নিয়ন্ত্রিত প্রতিশোধের প্রমাণ।’ সংগঠনটি সতর্ক করে বলেছে, আগামী দিনগুলোতে হামলা আরও তীব্র ও বিস্তৃত হতে পারে। এ পর্যন্ত অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসি জানায়, লক্ষ্যবস্তুর মধ্যেতেল আবিব ও জেরুজালেম ছাড়াও কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো রয়েছে। বাহিনীটি আরও দাবি করেছে, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং একটি মার্কিন ডেস্ট্রয়ারেও হামলা চালানো হয়েছে।