রয়টার্স : ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকারের নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন লন্ডনের হাইকোর্ট। শুক্রবার সংগঠনের সহ-প্রতিষ্ঠাতার করা এক আইনি চ্যালেঞ্জের প্রেক্ষিতে আদালত এই রায় দেন। ব্রিটেনে ইসরায়েল-সংশ্লিষ্ট প্রতিরক্ষা কোম্পানিগুলোকে নিশানা করে সরাসরি পদক্ষেপ নেওয়ার অভিযোগে গত বছরের জুলাই মাসে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করা হয়েছিল। সংগঠনটি প্রায়ই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধ বা লাল রঙ স্প্রে করার মতো কর্মসূচি পালন করে আসছিল। এই নিষেধাজ্ঞার ফলে প্যালেস্টাইন অ্যাকশনকে ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদার সমপর্যায়ে রাখা হয়েছিল। এর সদস্য হওয়াকে একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড। ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হুদা আমমোরির আইনজীবীরা গত বছরের এক শুনানিতে যুক্তি দিয়েছিলেন যে, এই পদক্ষেপটি মূলত প্রতিবাদের অধিকারের ওপর এক স্বৈরাচারী বিধিনিষেধ। আদালত জানিয়েছে, এই নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের অধিকারের ওপর একটি অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ। রায়ে নিষেধাজ্ঞা অবৈধ বলা হলেও বিচারক ভিক্টোরিয়া শার্প জানিয়েছেন, এটি এখনই তুলে নেওয়া হচ্ছে না। সরকার পক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবে কি না এবং আপিল চলাকালীন নিষেধাজ্ঞা বহাল থাকবে কি না, সে বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমমোরি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবীদের সময় দিয়েছেন আদালত।