এনডিটিভি, এএফপি : ভারতের রাজস্থান রাজ্যের টঙ্ক সোয়াই মাধোপুর এলাকার বিজেপি নেতা ও সাবেক সংসদ সদস্য সুখবীর সিং জনপুরিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, কম্বল বিতরণ কর্মসূচিতে তিনি মুসলিম নারীদের কম্বল দিতে অস্বীকৃতি জানান। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদ সদস্য থাকা এই নেতাকে ভিডিওতে বলতে শোনা যায়, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালি দেয়, তাদের কম্বল পাওয়ার কোনো অধিকার নেই।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সুখবীর সিং একদল নারীর মধ্যে কম্বল বিতরণ করছেন। এ সময় তিনি এক নারীর নাম জিজ্ঞাসা করেন। নাম শুনে যখন বুঝতে পারেন ওই নারী মুসলিম, তখন তিনি তাঁর সহযোগীদের ওই নারীকে কম্বল না দেওয়ার নির্দেশ দেন।

এরপর সুখবীর সিং বলেন, ‘আমার কথা শোনো, যারা (প্রধানমন্ত্রী) মোদিকে গালি দেয়, তাদের কম্বল নেওয়ার কোনো অধিকার নেই। তোমাদের কাছে খারাপ লাগলেও আমার কিছু করার নেই।’ এরপর তিনি মুসলিম নারীদের ওই স্থান ত্যাগ করতে বলেন।

ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, মুসলিম নারীদের কম্বল না দেওয়ায় কিছু মানুষ ওই বিজেপি নেতার মুখোমুখি হন। তাঁরা বলেন, ওই নারীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর তাঁদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

জবাবে সুখবীর সিং বলেন, তিনি এ নিয়ে বিতর্ক করতে চান না। এরপর তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। পরে তিনি দাবি করেন, কম্বলগুলো তিনি ব্যক্তিগতভাবে বিতরণ করছিলেন এবং এতে কোনো সরকারি অর্থ ব্যবহার করা হয়নি।