জিও নিউজ ,এএফপি : পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৯২ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। গত শনিবার প্রদেশটির একাধিক জেলায় ভয়াবহ ‘সন্ত্রাসী’ হামলার পর এ অভিযান চালানো হয়।এদিকে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ হামলা ও অভিযান সম্পর্কে পাওয়া প্রাথমিক খবরে মোট নিহত ব্যক্তির সংখ্যা ৬৮ উল্লেখ করা হয়েছিল। গতকাল রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে নিহত ব্যক্তির সংখ্যা নিয়ে হালনাগাদ তথ্য জানিয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, এ হামলার নকশা ভারত থেকে করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, গতকাল বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘ফিতনা আল-হিন্দুস্তান’–এর সদস্যরা কোয়েটা, মাসতুং, নুশকি, ডালবানদিন, খারান, পাঞ্জগুর, তাম্প, গোয়াদর ও পাসনি এলাকায় একযোগে হামলা চালায়। সন্ত্রাসীরা নারী, শিশু ও শ্রমিকসহ ১৮ জন নিরীহ মানুষকে লক্ষ্যবস্তু করে।