যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো আগ্রাসনের জবাবে ইরানের হামলায় অস্থির হয়ে পড়েছে বিশ্বের তেল বাণিজ্য। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা বলছে, শঙ্কা বাড়তে থাকলে দাম আরও বাড়বে।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড রোববার (৮ মার্চ) ২০ শতাংশের বেশি বেড়ে এক পর্যায়ে ১১৪ ডলার প্রতি ব্যারেল পর্যন্ত উঠে যায়। সোমবার তা ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলার পর্যন্ত উঠেছিল। তবে কিছুটা কমে ১১২.৯৮ ডলারে লেনদেন হচ্ছে এখন। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এই প্রথম তেলের দাম ১০০ ডলার ছাড়াল।

বিশ্লেষকদের মতে, ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ আরও কয়েকদিন ব্যাহত হওয়ার শঙ্কায় অপরিশোধিত তেলের দাম ২৪ শতাংশ বেড়ে যায়। এসময় এশিয়ায় ব্রেন্ট ক্রুডের দাম ছিল ১১৪ দশমিক ৭৪ ডলারে দাড়িয়েছে।

একই সময়ে কম ঘনত্বের এনওয়াইমেক্স ক্রুডের দাম ২৬ শতাংশের বেশি বেড়ে দাঁড়ায় ১১৪ দশমিক ৭৮ ডলারে। ট্রেডিং ডটকম অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী পিটার ম্যাকগুইর ধারণা করছেন, তেলের দামের দ্রুত উত্থান ও অস্থিরতা আরও নাটকীয় মোড় নিতে পারে।