এএফপি, আল-জাজিরা : গাজায় যুদ্ধবিরতির মধ্যেই গত বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় তাদের বাহিনীর ওপর সম্ভাব্য হুমকি রুখতে তারা এক জঙ্গিকে হত্যা করেছে।

চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলীয় তুফাহ এলাকায় একদল ফিলিস্তিনির ওপর ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। পৃথক এক ঘটনায়, দক্ষিণ গাজার খান ইউনিস এবং বুরেইজ শরণার্থী শিবিরের নিকটবর্তী আবু হুজাইর এলাকায় দুইটি পুলিশ চেকপয়েন্টে ড্রোন হামলা চালায় ইসরায়েল। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকরা জানিয়েছেন, এই হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও তারা দক্ষিণ গাজায় এক ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছে। তাদের দাবি, নিহত ব্যক্তি একজন জঙ্গি ছিলেন এবং তিনি ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা একটি এলাকায় প্রবেশ করে বাহিনীর জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন।