টাইমস অব ইসরাইল : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান নিহত হওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইসরাইল তার যুদ্ধ লক্ষ্য অর্জনে ‘পূর্ণ শক্তিতে’ অভিযান চালিয়ে যাবে।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে নেতানিয়াহু আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি হত্যাকে সামরিক বাহিনীর বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।
একই সঙ্গে তিনি ইয়াজদান মির-এর হত্যাকেও স্বাগত জানান। ‘সর্দার বাঘেরি’ নামে পরিচিত এ কর্মকর্তা আইআরজিসির কুদস ফোর্সের গোপন ইউনিট ৮৪০-এর প্রধান ছিলেন। নেতানিয়াহুর দাবি, তিনি বিশ্বজুড়ে ইহুদি ও ইসরাইলিদের ওপর হামলার জন্য দায়ী ছিলেন।
নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে কেউ আমাদের নাগরিকদের হত্যার চেষ্টা করবে, যে কেউ ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাস পরিচালনা করবে কিংবা ইরানের ‘অশুভ জোট’ গড়ে তুলবে—তার পরিণতির দায় তার নিজেরই। আমরা শক্তি ও দৃঢ়তার সঙ্গে কাজ করছি, আমাদের ক্ষতি করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘সব ধরনের হুমকি দূর না হওয়া এবং যুদ্ধের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা সব ফ্রন্টে পূর্ণ শক্তিতে অভিযান চালিয়ে যাব।’
অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ইসরাইল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, লেবাননে এক বিমান হামলায় ইরানপন্থী একটি মিলিশিয়ার জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।