বিবিসি, এএনআই : ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট জৈন্তিয়া হিলস এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মেঘালয় পুলিশের সুপারিনটেনডেন্ট বিকাশ কুমার জানিয়েছেন, ‘র্যাট-হোল’ মাইনিং পদ্ধতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে এবং গুরুতর দগ্ধ অবস্থায় এক শ্রমিককে শিলংয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক ছিলেন, তা এখনও নিশ্চিত নয়।

পুলিশ আরও জানিয়েছে, খনিটির মালিক ও পরিচালকদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজও চলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই প্রতিবেশী রাজ্য আসামের বাসিন্দা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যদি বিষয়টি নিশ্চিত হয়, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াব। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এক বিবৃতিতে বলেছেন, এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ‘র্যাট-হোল’ মাইনিং এমন একটি পদ্ধতি, যেখানে সরু ও নিচু সুড়ঙ্গ খুঁড়ে ডিনামাইট ব্যবহার করে কয়লা উত্তোলন করা হয়। এসব সুড়ঙ্গ এতটাই ছোট যে শ্রমিকদের কুঁজো হয়ে বা বসে কাজ করতে হয়। পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সরকারিভাবে নিষিদ্ধ থাকা সত্ত্বেও মেঘালয়ের বিভিন্ন এলাকায় এই বিপজ্জনক পদ্ধতি এখনও চালু রয়েছে।