এক্সে : পোপ লিও চতুর্দশ যুদ্ধের কঠোর সমালোচনা করে বলেছেন, সামরিক শক্তি কখনোই প্রকৃত শান্তি বা স্বাধীনতা এনে দিতে পারে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনসহ বিভিন্ন নেতা যখন ইরান-ইসরাইল সংঘাতে ধর্মকে যুক্তি হিসেবে তুলে ধরছেন, তখন পোপ স্পষ্টভাবে সেই অবস্থান নাকচ করেছেন। ‘ঈশ্বর কোনো সংঘাতকে আশীর্বাদ করেন না। যারা একসময় তলোয়ার চালিয়েছে এবং আজ বোমা ফেলছে, যিশুখ্রিষ্টের কোনো অনুসারী কখনোই তাদের পক্ষে থাকতে পারে না।’তিনি আরও বলেন, সামরিক শক্তি কখনোই শান্তি বা মুক্তি নিশ্চিত করতে পারে না; বরং শান্তি আসে মানুষের মধ্যে ধৈর্যশীল সহাবস্থান ও সংলাপের মাধ্যমে। তবে এই পোস্টে তিনি সরাসরি ট্রাম্প বা অন্য কোনো নেতার নাম উল্লেখ করেননি।

নিজেকে খ্রিষ্টান (ক্যাথলিক নন) হিসেবে পরিচয় দেওয়া ট্রাম্প তার দায়িত্বকালীন সময়ে একাধিকবার নিজের কর্মকাণ্ডের পক্ষে ধর্মীয় ব্যাখ্যা দিয়েছেন। গত সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈশ্বর ইরান যুদ্ধকে সমর্থন করেন বলে তিনি বিশ্বাস করেন। তার ভাষায়, ‘ঈশ্বর মঙ্গলময়’ এবং তিনি ‘মানুষের কল্যাণ দেখতে চান।’ এর আগেও চলতি সপ্তাহের শুরুতে ইরানের সভ্যতা ধ্বংসের যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন, তার সমালোচনা করেন পোপ লিও। তিনি একে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে সতর্ক করেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল ঘৃণাকে উসকে দিচ্ছে। সাম্প্রতিক এক গণপ্রার্থনায় পোপ জোর দিয়ে বলেন, যুদ্ধের পক্ষে সাফাই গাইতে ঈশ্বরকে ব্যবহার করা যায় না। হাজারো মানুষের সামনে তিনি বলেন, ঈশ্বর ‘যুদ্ধবাজদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন।’ ছয় সপ্তাহের সংঘর্ষের পর গত মঙ্গলবার থেকে ইরান যুদ্ধে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই যুদ্ধকে ‘ঐশ্বরিক অনুমোদনপ্রাপ্ত’ হিসেবে তুলে ধরেছেন। তিনি নিয়মিত প্রার্থনা করেন এবং বিশ্বাস করেন, ঈশ্বর মার্কিন বাহিনীর পক্ষে রয়েছেন। যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর পেন্টাগনের একটি গির্জায় আয়োজিত অনুষ্ঠানে হেগসেথ এমন একটি প্রার্থনা পাঠ করেন, যেখানে সামরিক শত্রুদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো হয়।

সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি প্রার্থনা করেন, ‘প্রতিটি গোলা যেন ধার্মিকতা এবং আমাদের মহান দেশের শত্রুদের গায়ে আঘাত হানে। প্রতিটি সিদ্ধান্তে তাদের (সেনাবাহিনী) প্রজ্ঞা দিন, সামনের কঠিন পরীক্ষায় ধৈর্য দিন এবং যারা দয়া পাওয়ার যোগ্য নয় তাদের বিরুদ্ধে অটুট ঐক্য ও চরম সহিংসতা প্রদর্শনের শক্তি দিন।’