এএফপি : বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে অবতরণের সময় ব্যাংক নোট বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি অ্যাভিনিউতে সি-১৩০ হারকিউলিস নামে বিমানটি বিধ্বস্ত হয়। এতে একটি গাড়ি এবং কয়েকটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এল আল্টোতে পুলিশ হত্যাকাণ্ড বিভাগের প্রধান কর্নেল রেনে ট্যাম্বো সাংবাদিকদের জানান, বিধ্বস্তের পর অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর আগে দমকলকর্মীরা কমপক্ষে ১৫ জন নিহতের সংখ্যা জানিয়েছিল। বলিভিয়ার বিমান বাহিনীর জেনারেল সার্জিও লোরা বলেছেন, স্থানীয় সময় শুক্রবার গভীর রাত পর্যন্ত বিমানের ছয়জন ক্রু সদস্যের মধ্যে দুজনের সন্ধান পাওয়া যায়নি। বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, দেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্ডার করা ব্যাংক নোট বহনকারী সি-১৩০ হারকিউলিস সান্তা ক্রুজ শহর থেকে এল আল্টো যাচ্ছিল এবং বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বেসামরিক বিমান চলাচল প্রশাসনের মতে, বিমানটি লেনের বাইরে চলে যায় এবং সড়কের পাশে যানবাহনের ওপর গিয়ে পড়ে।