আল জাজিরা : দীর্ঘ ছয় মাস বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের বিশিষ্ট পরিবেশবাদী ও অধিকার রক্ষা আন্দোলনের নেতা সোনম ওয়াংচুক। শনিবার (১৪ মার্চ) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) অধীনে থাকা তার ‘প্রতিরোধমূলক আটকাদেশ অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ৫৯ বছর বয়সি এই আন্দোলনকর্মীকে গত বছরের সেপ্টেম্বরে লাদাখে স্বায়ত্তশাসনের দাবিতে চলা বিক্ষোভের জেরে গ্রেফতার করা হয়েছিল। সোনম ওয়াংচুক মূলত লাদাখের জন্য পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা অথবা ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে আদিবাসী সম্প্রদায়ের ভূমি ও পরিবেশ রক্ষার আইনি গ্যারান্টি দাবি করে আসছিলেন। গত বছর তার এই আন্দোলনকে কেন্দ্র করে লাদাখে সহিংসতা ছড়িয়ে পড়লে চারজন নিহত এবং বহু মানুষ আহত হন। সেই সময় লেহ্ জেলা প্রশাসন জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ এনে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হয়, যার অধীনে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই ১২ মাস পর্যন্ত কাউকে আটকে রাখা সম্ভব। পেশায় প্রকৌশলী এবং ২০১৮ সালে মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসেসে পুরস্কারজয়ী ওয়াংচুক হিমালয় অঞ্চলে পানি সংরক্ষণ প্রকল্পের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তার জীবন ও কাজ থেকে অনুপ্রাণিত হয়েই বলিউড চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর আমির খানের চরিত্রটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। ২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকার জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে বিচ্ছিন্ন করে সরাসরি কেন্দ্রীয় শাসনের অধীনে নিয়ে আসার পর থেকেই স্থানীয়রা নিজেদের আইনসভা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। ওয়াংচুকের আইনজীবী মুস্তফা হাজি সংবাদ সংস্থা এএফপি-কে নিশ্চিত করেছেন, গত শনিবার তাকে যোধপুরের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। একই সময়ে সুপ্রিম কোর্টে তার স্ত্রী গিতাঞ্জলি আঙ্গমো কর্তৃক দায়ের করা তার আটকের বৈধতা চ্যালেঞ্জকারী একটি পিটিশনের শুনানি চলছিল।
এশিয়া
লাদাখের বিখ্যাত অধিকারকর্মী ওয়াংচুক ৬ মাস পর কারামুক্ত
দীর্ঘ ছয় মাস বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের বিশিষ্ট পরিবেশবাদী ও অধিকার রক্ষা আন্দোলনের নেতা সোনম ওয়াংচুক।
Printed Edition