বিবিসি : ওয়েলসের উপকূলে নিজের একটি ব্যক্তিগত দ্বীপ কেনা, তাও মাত্র সাড়ে ৩ লাখ পাউন্ডে, শুনতে বিলাসবহুল স্বপ্নের মতো। কিন্তু বাস্তবতা হলো, সেখানে যেতে হলে জোয়ার-ভাটার সময় মেনে প্যান্ট গুটিয়ে হেঁটে পাড়ি দিতে হবে মোহনার পানিপথ। এমনই এক সস্তা ব্যক্তিগত দ্বীপের লোভনীয় অফার সম্পর্কে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম । গুইনেড অঞ্চলের ডুইরিড মোহনায় অবস্থিত ১৭ একর আয়তনের জোয়ারভাটা-নির্ভর দ্বীপ ‘ইনিস গিফটান’ বাজারে উঠেছে প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ডে, যা মোটামুটি ভালো মানের বাড়ির দরের মধ্যেই পড়ে। বিখ্যাত পর্যটনকেন্দ্র পোর্টমেইরিয়নের কাছেই এর অবস্থান। দ্বীপটিতে রয়েছে ভিক্টোরিয়ান আমলের একটি পাথরের ফার্মহাউজ, যেখানে ১৯৭০-এর দশক পর্যন্ত বসবাস ছিল। বর্তমানে বাড়িটির বড় ধরনের সংস্কারের প্রয়োজন বলে জানিয়েছে সম্পত্তি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কার্টার জোনাস।
দ্বীপে পৌঁছানোর পথটাই সবচেয়ে ব্যতিক্রমী। ভাটার সময় মূল ভূখণ্ড থেকে প্রায় ৪০০ মিটার হেঁটে পাঁচ মিনিটে পৌঁছানো যায়। তবে জোয়ার এলে দ্বীপটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন নৌকা ছাড়া সেখানে যাওয়া অসম্ভব। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভাটার সময়ও দুটি নদীখাল পার হতে হয়, যা কখনও কখনও গভীর হতে পারে। নিরাপত্তার স্বার্থে জোয়ার-ভাটার সময়সূচি জেনে নেওয়া জরুরি। রিয়েল এস্টেট তালিকায় দ্বীপটিকে বর্ণনা করা হয়েছে ‘অক্ষত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিস্তীর্ণ ভূদৃশ্য’ হিসেবে, যেখান থেকে এরিরি ন্যাশনাল পার্কের পাহাড় ও উপকূলরেখার প্যানোরামিক দৃশ্য দেখা যায়। একসময় এটি ভেড়ার চারণভূমি হিসেবেও ব্যবহৃত হতো। বর্তমানে কিছু অংশ আগাছায় ঢেকে গেছে, যা পুনরুদ্ধারে পরিচর্যার প্রয়োজন। কার্টার জোনাসের প্রতিনিধি হিউ ও’ডোনেল জানিয়েছেন, এটি এমন ক্রেতার জন্য বিশেষ সুযোগ, যিনি ব্যতিক্রমী জীবনযাপন বা নির্জন আশ্রয়ের স্বপ্ন দেখেন।