দ্য গার্ডিয়ান : রানে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে পরিচালিত অভিযানের সময় মার্কিন-ইসরাইলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে স্থানীয় এক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। দক্ষিণ-পশ্চিম ইরানের পাহাড়ি প্রদেশ কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ-এর গভর্নর জানিয়েছেন, কোহগিলুয়েহ এলাকার ‘ব্ল্যাক মাউন্টেন’ বা কালো পাহাড় অঞ্চলে এই হামলা চালানো হয়। মূলত নিখোঁজ মার্কিন পাইলটদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে মার্কিন ও ইসরাইলি বাহিনী অংশ নেয় এবং সেই সময়ই হতাহতের এই ঘটনা ঘটে। ইতোমধ্যেই ভূপাতিত সেই এফ-১৫ যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যকেই সফলভাবে উদ্ধার করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, এই উদ্ধার অভিযানে কোনো আমেরিকান নাগরিক নিহত বা আহত হননি। তবে উদ্ধার অভিযানের বিস্তারিত কৌশলগত তথ্য বা পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব কম তথ্যই প্রকাশ করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী ৫ জনের মৃত্যুর বিষয়টি নিয়ে দুই পক্ষের তথ্যে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে।