আনাদোলু এজেন্সি, আল-জাজিরা : যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি বিমান হামলায় দুই শিশু, এক অন্তঃসত্ত্বা নারী এবং ৯ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার গাজার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবির ও আল-জাওয়াইদা এলাকায় এসব হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে চালানো হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক দম্পতি ও তাদের ১০ বছর বয়সী ছেলে রয়েছে। ওই নারী যমজ সন্তানের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে হাসপাতালটি। হামলায় তাদের ১৫ বছর বয়সী এক প্রতিবেশীও নিহত হয়েছেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-দক্ষিণ ফিলাডেলফি করিডোরের প্রবেশমুখে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে অন্য একটি হামলা চালানো হয়। এতে মধ্য গাজার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কর্নেল ইয়াদ আব ইউসুফসহ ৯ জন পুলিশ সদস্য নিহত হন। আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ ৯ জনের মৃত্যু ও ১৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, পবিত্র রমজান মাসে বাজার তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর এই জঘন্য অপরাধ করা হয়েছে। তবে এসব হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ১০ অক্টোবর, ২০২৫ থেকে এ পর্যন্ত ৬৫০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল ও হামাসের মধ্যে ‘যুদ্ধবিরতি’ চুক্তির চেষ্টা চললেও গাজায় প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।