সংগ্রাম ডেস্ক

ভারতজুড়ে শিশুদের অনলাইনে আসক্তি কমাতে বা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনার কথা উঠে এসেছে ভারতের কেন্দ্রীয় সরকারের এক প্রতিবেদনে। ইতিমধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বের অন্যতম দেশ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও ফ্রান্স। ইংল্যান্ডও একই পথে হাঁটছে। গত বৃহস্পতিবার ভারতের সংসদে পেশ হওয়া সরকারের একটি সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, অনলাইনে আসক্তি কমাতে শিশুদের অনলাইন ক্লাস কমানো উচিত। ভার্চ্যুয়াল জগতের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত, সে–সংক্রান্ত শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়েছে ওই প্রতিবেদনে। একই সঙ্গে শিক্ষাদানের ক্ষেত্রে বিকল্প সহজতর সামগ্রী ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে, অনলাইন ক্লাসের জন্য নির্দিষ্ট বয়স নির্ধারণ করা উচিত। এ ব্যাপারে দেশের বিদ্যালয়গুলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসা উচিত। প্রতিবেদনে জুয়া ও অনুপোযোগী বিজ্ঞাপন সম্পর্কেও সজাগ থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি সাইবার নিরাপত্তা ও মানসিক স্থাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে বলা হয়েছে।