আল-জাজিরা : ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি বাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। গত রোববার রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এই হামলা চালানো হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে রাজধানী তেহরান থেকে। প্রদেশের বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৬ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। রাজধানীর বাইরে ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শহর কোমে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ৫ জনের মৃত্যু হয়।

এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর-ই-লেঙ্গাহতে পৃথক হামলায় আরও ৬ জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তজনা ও পাল্টাপাল্টি হামলার জেরে ইরানজুড়ে এখন চরম অস্থিরতা বিরাজ করছে।

স্থানীয় উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে অনুসন্ধান অব্যাহত রেখেছে, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।