মধ্যপ্রাচ্যের অন্তত ৫টি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে দফায় দফায় বড় ধরনের হামলা চালানোয় দেশগুলোর অর্থনীতি ও জনজীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছে। নতুন আতঙ্কের নাম হুথি। ইরান সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটিকে নিয়ে আগে থেকে ভীতি রয়ে গেছে পশ্চিমাদের মধ্যে। যুুদ্ধ বন্ধের পথ খুঁজতে পাকিস্তানে আলোচনায় বসে সৌদী, তুরস্ক ও মিশর। পাক পররাষ্ট্রমন্ত্রী ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এদিকে ইসরাইলে ৫ দফা ক্ষেপণাস্ত্র হামলায় ১৪২ জন আহত হয়েছে। পাশাপাশি ইরান হিজবুল্লাহর হামলায় দেশটির ১৪০ শহরে সাইরেন বেজে ওঠে। ইরান হুমকি দিয়েছে যে, মার্কিন সেনা প্রবেশ করলে কফিনে ফেরত যাবে। এপি, কেসিএনএ, মেহের নিউজ, আল-জাজিরা, বিবিসি, রয়টার্স।

হুথি জ¦রে কাঁপছে ইউরোপ

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর লাফিয়ে বাড়ছে উত্তেজনা, ডালপালা মেলছে সংঘাত। এখন নতুন আতঙ্কের নাম হুথি। ইরান সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটিকে নিয়ে আগে থেকে ভীতি রয়ে গেছে পশ্চিমাদের মধ্যে। এবার তারা ইরানের পক্ষে যুদ্ধে অংশ নেওয়ায় আগের অভিজ্ঞতা মনে করে সচেতন হওয়ার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

লোহিত সাগরে নিয়োজিত ইইউর নৌ-মিশন জানিয়েছে, ইরানের প্রতি হুথিদের সমর্থন বাড়ার বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক কিছু পোস্টে ‘অপারেশন আস্পাইডস’ জানায় যে, তারা শিপিং শিল্পের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে বাণিজ্যিক জাহাজগুলোকে নিবন্ধিত হতে এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যানেলগুলো দিয়ে চলাচলের সময় সহায়তার আবেদন জানাতে আহ্বান জানানো হয়েছে।

মিশনটি আরও উল্লেখ করেছে, বাণিজ্যিক জাহাজ রক্ষা এবং নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার সমর্থন অনুযায়ী তাদের সম্পদগুলো লোহিত সাগর এলাকায় সতর্ক অবস্থানে মোতায়েন রয়েছে।

এর আগে ২০২৩ সালে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছিল হুথি। সেই থেকে দীর্ঘদিন তাদের আঘাতে জর্জড়িত হয়েছে ইসরাইলী ও পশ্চিমা নৌযানগুলো, যারা মূলত তেল আবিবের গণহত্যা সমর্থন করেছে। ওই সময় হুথি আক্রমণ ঠেকাতে না পারায় লোহিত সাগর দিয়ে বন্ধ হয়ে যায় জাহাজ চলাচল। তখন মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূল হয়ে চলাচল করতে হয়েছে নৌযানগুলোকে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার নতুন করে সতর্কতা জারি করেছে ইইউ।

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের উপর্যুপরি হামলায় বিশ্বের দুই বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত

মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এতে ওই অঞ্চলের দেশগুলোর অর্থনীতি ও জনজীবন চরম ঝুঁকির মুখে পড়েছে।

সংযুক্ত আরব আমিরাত কয়েক সপ্তাহের মধ্যে গত শনিবার সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম’ (ইজিএ) জানিয়েছে, তাদের প্রধান কারখানায় ভয়াবহ হামলা হয়েছে। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

একই সময়ে হামলার শিকার হয়েছে বাহরাইনে বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদক প্রতিষ্ঠান ‘অ্যালুমিনিয়াম বাহরাইন’। সেখানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

কুয়েতেও বড় হামলার খবর পাওয়া গেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা লক্ষ্য করে চালানো এ হামলাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ওমানের দক্ষিণে সালালাহ বন্দরে দুটি ড্রোন আঘাত হেনেছে। এই হামলায় একজন বিদেশি কর্মী আহত হয়েছেন।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। এরই মধ্যে হামলার তদন্ত শুরু হয়েছে।

এদিকে সৌদি আরবের আকাশসীমায় কয়েক ঘণ্টায় ১০টি ড্রোন রুখে দেওয়া হয়েছে বলে আজ রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে দাবি করেছে।

ইরান যুদ্ধ বন্ধের পথ খুঁজতে পাকিস্তানে আলোচনায় বসছে সৌদী-তুরস্ক ও মিশর

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ বন্ধ কীভাবে বন্ধ করা যায় এ নিয়ে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছে সৌদি আরব, তুরস্ক ও মিসর। গতকাল রোববারের এই আলোচনায় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন। এদিকে পিটিআই জানায়, পাক পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশগুলো এমন সময় আলোচনা করতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য স্থল হামলা চালাতে প্রায় সাড়ে তিন হাজার মেরিন সেনাকে নিয়ে এসেছে।

এরআগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মধ্যরাতের পর ইসরাইলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার ইসরাইলী সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার মধ্যরাতের পর থেকে এখন পর্যন্ত ইসরাইলে অন্তত পাঁচ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, জেরুজালেম এবং মধ্য ইসরাইলে সাইরেন বাজিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। ইরান থেকে ধেয়ে আসা ওই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, উত্তর ইসরাইলের দিকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র জনশূন্য উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে। সামরিক ‘প্রটোকল’ অনুযায়ী সেটিকে আঘাত হানতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

একই সময়ে লেবানন থেকেও উত্তর ইসরাইলে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে। আইডিএফ বলছে, লেবানন থেকে ছোড়া কয়েকটি রকেট ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।

ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জেরুজালেম ও মধ্য-ইসরাইলে সাইরেন বাজানোর কিছুক্ষণ পরই উত্তর-ইসরাইলে আগাম সতর্কবার্তা জারি করা হয়। আইডিএফ বলেছে, ইরান থেকে আরেকটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করার পর ওই সতর্কতা জারি করা হয়েছে।

ইরান-হিজবুল্লাহর হামলায় ইসরাইলে ২৪ ঘণ্টায় ১৪২ জন আহত: স্বাস্থ্য মন্ত্রণালয়

ইসরাইলে ২৪ ঘণ্টায় ইরান ও হিজবুল্লাহর হামলায় আহত ১৪২ জন হাসপতালে নেওয়া হয়েছে। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ নিয়ে ইসরাইলে মোট আহতের সংখ্যা ৫ হাজার ৬৮৯ এ পৌঁছেছে। আহতদের মধ্যে ১৩২ জন এখনও হাসপাতালে আছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত

ইরানের তেহরানে অবস্থিত দেশটির অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ‘ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইইউএসটি)’ মার্কিন ও ইসরাইলী বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, ক্যাম্পাসজুড়ে ধ্বংসস্তূপ পড়ে আছে ও বিভিন্ন ভবন থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে।

ইরানে মার্কিন সেনা ঢুকলে ‘কফিনে’ ফিরবে : তেহরান টাইমসের প্রতিবেদন

ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এমন খবরের মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। এদিকে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে ‘ওয়েলকাম টু হেল’। সেখানে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে প্রবেশ করলে সে আর জীবিত ফিরে যাবে না, বরং ফিরবে ‘কফিনে’।

তেহরানে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তেহরানের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল। হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ঘটনাস্থলে উপস্থিত একজন সংবাদকর্মী জানান, স্থানীয় সময় রাত ১০টার দিকে এ হামলা চালানো হয়। হামলায় কেউ নিহত না হলেও নয়জন আহত হয়েছেন। এতে ২০টির বেশি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার ভোরে ফার্স নিউজ ও মেহর নিউজের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক ভবনের এক পাশ বিধ্বস্ত হয়ে গেছে। রান্নাঘর ও বসার ঘর ধ্বংসস্তূপে ঢাকা পড়েছে এবং পার্কিংয়ে থাকা গাড়িগুলো ধুলোর আস্তরণে ঢেকে আছে।

মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা

ইরান যুদ্ধ শুরুর এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে গতকাল শনিবার হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করলেও সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবেন তা স্পষ্ট করেনি।

সেন্টকম আরও জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার ‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে।

অবশ্য যুদ্ধজাহাজের নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। ইউএসএস ত্রিপোলির দায়িত্বের এলাকা উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিস্তৃত।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছিল, ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী একটি গ্রুপের নেতৃত্ব দেবে।