আল-জাজিরার

ইরানের ড্রোন হামলার বিরুদ্ধে প্রতিরক্ষায় সহায়তা করতে মধ্যপ্রাচ্যে ২০০ এর বেশি সামরিক বিশেষজ্ঞকে পাঠিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্টে ডজনখানেক সংসদ সদস্যের উদ্দেশে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, “ওই অঞ্চলে ২০১ জন ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন বিশেষজ্ঞ অবস্থান করছেন। আরও ৩৪ জন সেখানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।” তিনি আরও বলেন, “কীভাবে শাহেদ ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে হয়, মধ্যপ্রাচ্যে যাওয়া সামরিক বিশেষজ্ঞ জানেন।” তিনি ইরান নকশাকৃত কামিকাজ ড্রোনের কথা উল্লেখ করেন, যা রাশিয়া ২০২২ সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করে আসছে।

জেলেনস্কি বলেন, “আমাদের দলগুলো ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবে রয়েছে। আরেকটি দল কুয়েতের পথে রয়েছে।” তিনি বলেন, “আমরা কয়েকটি দেশের সঙ্গে কাজ করছি, চুক্তিগুলো ইতোমধ্যেই হয়েছে। আমরা চাই না ইরানি সরকারের এ আতঙ্ক প্রতিবেশীদের বিরুদ্ধে সফল হোক।” গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট উপসাগরীয় কয়েকটি দেশ এবং জর্ডানে সামরিক দল পাঠানোর কথা জানিয়েছিলেন।

মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই সময় তিনি বলেছেন, রাশিয়াকে ইরানিরা শাহেদ-১৩৬ ড্রোন সরবরাহ করেছে। তারা রাশিয়াকে সেগুলো ব্যবহারের পদ্ধতি শিখিয়েছে এবং উৎপাদনের প্রযুক্তি দিয়েছে। রাশিয়া সেগুলো আপগ্রেড করেছে। আর এখন আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, অঞ্চলে ব্যবহৃত ইরানি শাহেদ ড্রোনগুলোর মধ্যে রাশিয়ার উপাদান রয়েছে।