ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনাকে তেহরানের ‘বেপরোয়া হামলা’ বলে নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য।
হামলার কথা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করেননি ব্রিটিশ কর্মকর্তারা। তবে হামলাটি ব্যর্থ হয়েছে বলে জানানো হয়েছে।
ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটির কতটা কাছাকাছি ক্ষেপণাস্ত্র পৌঁছেছিল, তাও স্পষ্ট নয়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (২১ মার্চ) এক বিবৃতিতে জানায়, ইরানের ‘অঞ্চলজুড়ে আগ্রাসী আচরণ এবং হরমুজ প্রণালি জিম্মি করে রাখা’ ব্রিটেন ও এর মিত্র দেশগুলোর জন্য হুমকিস্বরূপ।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় সরাসরি অংশ না নিলেও যুক্তরাজ্য তাদের ঘাঁটি ব্যবহার করে মার্কিন বোমারু বিমানকে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার সুযোগ দিয়েছে।
শুক্রবার ব্রিটিশ সরকার জানায়, হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলা প্রতিরোধের উদ্দেশ্যে যেসব অভিযান পরিচালিত হবে, তাতে দিয়েগো গার্সিয়াসহ যুক্তরাজ্যের ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে মার্কিন বোমারু বিমান। তার আগেই ওই ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান।
হামলা আরও বাড়াবে ইসরায়েল
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে হামলার মাত্রা ‘উল্লেখযোগ্যভাবে’ বাড়ানো হবে।
শনিবার দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘চলতি সপ্তাহে আইডিএফ এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সন্ত্রাসী শাসন ও তাদের নির্ভরশীল অবকাঠামোর বিরুদ্ধে হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।’
তার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ বিষয়টি বিবেচনা করছেন।