স্কটল্যান্ডে মূলধারার রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেত্রী আফিফা খানম। প্রথম বাংলাদেশি নারী হিসেবে আগামী মে মাসে অনুষ্ঠিতব্য স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির প্রার্থী (এমএসপি) মনোনীত হয়েছেন তিনি। মিড ফাইফ ও গ্লেনরথিস আসন থেকে তার এই প্রার্থিতা স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আফিফা খানম পেশায় একজন শিক্ষক। তিনি গ্লেনরথিস হাইস্কুলের সাবেক প্রিন্সিপাল টিচার এবং অকটার্ডার কমিউনিটি স্কুলের ডেপুটি হেডটিচার ও বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের শুরু। ১৯৮২ সালে বিবাহসূত্রে স্কটল্যান্ডে পাড়ি জমানোর পর ভাষাগত ও পারিপার্শ্বিক বিভিন্ন প্রতিকূলতা জয় করে তিনি উচ্চশিক্ষায় অনন্য সাফল্য অর্জন করেন। ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে স্নাতক ও শিক্ষা বিষয়ে ডিপ্লোমা সম্পন্নের পর তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশনাল লিডারশিপ-এ এমএসসি ডিগ্রি লাভ করেন।

এ ছাড়া স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি থেকে তিনি সম্মানজনক হায়ার হেডশিপ অ্যাওয়ার্ড এবং অ্যাডাল্ট লার্নার অ্যাওয়ার্ড অর্জন করেন।