এএফপি,মেহর নিউজ, আল-জাজিরা : ইসরাইলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। গত শনিবার এ হামলা চালানো হয়। লেবাননের সামরিক সূত্র বার্তা সংস্থাকে জানিয়েছে, হিজবুল্লাহর আল মানার চ্যানেলের সাংবাদিক আলী শোয়াইব ও ইরান-সমর্থিত আন্দোলনের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত আল মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফাতুনি নিহত হয়েছেন। এ ছাড়া নিহত হয়েছেন ফাতুনির চিত্রগ্রাহক ভাইও। আল মায়াদিন ও আল মানার তাদের সাংবাদিকদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শোয়াইব ছিলেন আল মানারের যুদ্ধবিষয়ক অন্যতম সংবাদদাতা। তিনি কয়েক দশক ধরে লেবাননে ইসরাইলি হামলার খবর পরিবেশন করছিলেন। ইসরাইল সেনাবাহিনী বলেছে, তারা শোয়াইবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর গোয়েন্দা ইউনিটের সদস্য।