আনাদোলু এজেন্সি : ইসরায়েলের সঙ্গে ‘উন্মুক্ত যুদ্ধে’ জড়ানোর ঘোষণা দিয়েছে লেবাননভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি মেনে চলার পর আর ধৈর্য ধরা সম্ভব নয় জানিয়ে মঙ্গলবার এই ঘোষণা দেন গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ নেতা। হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কোমাতি মঙ্গলবার বলেন, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পর থেকে তারা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছেন। লেবানন সরকারের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইসরায়েলি হামলা বন্ধ হবে, এমন আশায় ছিলেন তারা। কিন্তু গত ১৫ মাস ধরে প্রায় প্রতিদিন ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন ‘প্রতিরোধে’ ফেরা ছাড়া তাদের আর কোনও পথ খোলা নেই।
হিজবুল্লাহর মিডিয়া অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে কোমাতি লেবানন সরকারেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, লেবানন সরকার হিজবুল্লাহর কর্মকাণ্ডকে অবৈধ বলছে এবং অস্ত্র জমা দেওয়ার দাবি জানাচ্ছে, অথচ ইসরায়েলি হামলা বন্ধে তারা কোনও কার্যকর ভূমিকা নেয়নি। কোমাতি আরও বলেন, ‘জায়নবাদী শত্রুপক্ষই একটি পূর্ণাঙ্গ যুদ্ধ চেয়েছিল, যা তারা যুদ্ধবিরতি চুক্তির পরও থামায়নি। সুতরাং এখন থেকে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধই হবে।’