সিবিএস নিউজ : ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি বলছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে রণতরীটি অকার্যকর হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, আঘাতের পর রণতরীটি অকার্যকর হয়ে উপসাগর এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করেছে। ওয়াশিংটন বলছে, রণতরীটি এখনো অপারেশন এপিক ফিউরি সমর্থন অব্যাহত রেখেছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, উপসাগরে চলমান অভিযানের সময় মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে বিবৃতিতে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার পর মার্কিন রণতরী এবং তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুতগতিতে এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে। তবে এই প্রতিবেদনেও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই।

এদিকে সিবিএস নিউজ জানিয়েছে, একটি ইরানি জাহাজ আব্রাহাম লিংকনের খুব কাছে চলে এলে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেটির দিকে গুলি চালায়। তবে জাহাজটি আঘাত পেয়েছে কি না তা এখনো নিশ্চিত নয়। ইরানি জাহাজটির অবস্থা এবং তার ক্রুদের পরিণতি সম্পর্কেও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এর আগেও আইআরজিসি একই রণতরীতে হামলার দাবি করেছিল। সে সময় পেন্টাগন জানিয়েছিল, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো রণতরীর কাছেও পৌঁছায়নি।