এপি : ওয়াশিংটনকে আল্টিমেটামের ভাষা ত্যাগ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুতে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির পর ল্যাভরভ এই মন্তব্য করলেন। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে ইরানে ভয়াবহ হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলাপকালে ল্যাভরভ বলেন, রাশিয়া আশা করে ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে বেশ কয়েকটি দেশ যে প্রচেষ্টা চালাচ্ছে, তা সফল হবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি আল্টিমেটামের ভাষা পরিহার করে পরিস্থিতিকে আলোচনার ধারায় ফিরিয়ে আনে, তবে এই শান্তি প্রক্রিয়া আরও সহজতর হবে।
ফোনালাপে ল্যাভরভ ও আরাঘচি বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামোতে অবৈধ হামলা বন্ধ করার জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। এই বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার কর্মীরা টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন।
রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বুশেহর পারমাণবিককেন্দ্রের কাছে একটি মার্কিন-ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর মস্কো সেখানে কর্মরত তাদের ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। গত শনিবার থেকে এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।