তুর্কি টুডে : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের জবাবে ইরানের লাগাতার হামলার মধ্যেই নতুন ড্রোন সামনে এনেছে তুরস্ক। দেশটির ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার গত শনিবার একটি কামিকাজে বা আত্মঘাতী মানববিহীন আকাশযান (ইউএভি) কে২ (ক২) উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর উড্ডয়ন ও লক্ষ্য নির্ধারণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
বায়কারের মতে, কে২ স্বয়ংক্রিয়ভাবে ঝাঁকবদ্ধভাবে উড্ডয়ন করতে পারে এবং এআই-সহায়ক ভিজ্যুয়াল সিস্টেমের মাধ্যমে নেভিগেশন, লক্ষ্য শনাক্তকরণ ও আক্রমণ পরিচালনা করতে সক্ষম। ড্রোনটির পাল্লা ২,০০০ কিলোমিটারের বেশি। এতে ২০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করা যায় এবং এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন প্রায় ৮০০ কেজি। প্রতিষ্ঠানটি আরও জানায়, ড্রোনটি ছোট বা অপরিকল্পিত রানওয়ে থেকেও উড্ডয়ন করতে পারে। ভবিষ্যতে এটিকে একাধিক মিশনে বারবার ব্যবহারের জন্য গবেষণা চলছে। নতুন ড্রোনটি উন্মোচনের সময় একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়, যেখানে ড্রোনটিকে উড্ডয়ন, দলবদ্ধভাবে উড়া এবং সমন্বিত কৌশলগত চালনা করতে দেখা যায়।