এপি : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। গককাল রবিবার ভোরের দিকে চালানো এসব হামলায় নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, রবিবার ভোরে দুটি পৃথক হামলা চালায় ইসরাইল। এর মধ্যে একটি হামলা চালানো হয় পুলিশের একটি চেকপোস্টে। অন্য হামলায় শহরটির একদল সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করা হয়। নিহতদের মরদেহগুলো নাসের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এসব হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। ইসরাইল ও হামাসের মধ্যে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে গত অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।