রয়টার্স , সামা টিভি : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কিছু এলাকা ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা করার ইসরায়েলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সোমবার এক সংবাদ সম্মেলনে গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিক এমনটাই জানিয়েছেন। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিক বলেছেন, ১৫ ফেব্রুয়ারি ইসরায়েল সরকার পশ্চিম তীরের এরিয়া সি-তে ভূমি নিবন্ধন প্রক্রিয়া পুনরায় শুরু করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা ফিলিস্তিনিদের নিজস্ব সম্পত্তি থেকে উচ্ছেদের ঝুঁকি তৈরি করতে পারে এবং ওই অঞ্চলে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করতে পারে। তিনি আরও বলেছেন, গুতেরেস ইসরায়েলকে অবিলম্বে এসব পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এ ধরনের পদক্ষেপ শুধু অস্থিতিশীলতাই বাড়ায় না, আন্তর্জাতিক বিচার আদালতের ভাষ্য অনুযায়ী এটি বেআইনিও। যা বর্তমান পরিস্থিতি দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে দিচ্ছে। দুজারিক আরও বলেছেন, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে সব ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন এবং এগুলোর কোনও আইনি বৈধতা নেই। আবার ফিলিস্তিনিরা মনে করছেন, এই পদক্ষেপ পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পূর্বাভাস এবং কার্যত বড় অংশ দখলের চেষ্টা। তাদের মতে, এতে জাতিসংঘ সমর্থিত দুই-রাষ্ট্র সমাধান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলি সরকার পশ্চিম তীরের ফিলিস্তিনি জমি ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই প্রস্তাব উত্থাপন করেন।

হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরাইল : ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ৬০ দিনের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। ইসরাইলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুচস জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। তেল আবিবের এই শীর্ষ কর্মকর্তারা বলছেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র, এমনকি একে-৪৭ সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি তারা। আর এর ফল না হলে নতুন করে আইডিএফ সামরিক অভিযানে নামবে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরাইলি সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করেই চুক্তি ভঙ্গ করেছে। পাল্টা হামাস অভিযোগ করেছে, ইসরাইল সীমান্ত পয়েন্টে বিধিনিষেধ আরোপ করছে এবং অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। রাফাহ ক্রসিং দিয়ে মাত্র ৮১১ জন পার হয়েছে। যা প্রত্যাশিত ২,৮০০ জনের তুলনায় এক-তৃতীয়াংশ।

আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনের গাজা উপত্যাকায় এখনও পুরোপুরি থামেনি ইসরাইলি বর্বরতা। প্রতিদিনই বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে হতাহতও হচ্ছেন অনেকে। এদিকে গাজার সব ধ্বংসস্তুপ পরিস্কার করতে বছর পেরিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি। গত সোমবার গাজা সিটি পরিদর্শনে গিয়ে একথা জানিয়েছেন সংস্থাটির প্রতিনিধিদল। এমনকি তারা কর্মসংস্থান ও বাসস্থানের জন্য বহু বাসিন্দাকে সুযোগ সুবিধা দিয়ে আসছে বলেও জানান তারা।